নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ : শিশুদের অধিকার রক্ষা, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বুধবার কুমারগঞ্জ ব্লক সভাঘরে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, অভিভাবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিএসএফের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শুভঙ্কর সাহা, জয়েন্ট বিডিও নাজমুল হক, কুমারগঞ্জ থানার আইসি মানোবেন্দ্র সাহা, মহিলা থানার অফিসার চন্দ্রিমা সরকার, নীলাদ্রি মালীসহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা। তাঁরা শিশুদের মৌলিক অধিকার, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা এবং নারী ও কিশোরীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।শিবিরে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার এবং আইনগত সহায়তা পাওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নির্যাতন, হয়রানি বা অপরাধের কোনও ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত পুলিশ বা প্রশাসনের কাছে জানানো প্রয়োজন। এতে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়।অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। সচেতনতা শিবিরের মাধ্যমে শিশু সুরক্ষা, নারী নিরাপত্তা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।