বালুরঘাট:অর্থের লোভ, ভুয়ো চাকরির প্রলোভন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা। এই সব ফাঁদে পা দিলেই মানব পাচারের শিকার হওয়ার আশঙ্কা বাড়ে। সেই ঝুঁকি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতেই বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে কুমারগঞ্জ হাইস্কুলে বৃহস্পতিবার আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক কর্মশালার।প্রতি বছর ৩০ জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হয়। মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষকে এই অপরাধ সম্পর্কে সতর্ক করাই এই দিনের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে কুমারগঞ্জ হাইস্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন কুমারগঞ্জ থানার আধিকারিক আশিস মণ্ডল, ব্লক ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২০০-রও বেশি ছাত্রছাত্রী অংশ নেয় অনুষ্ঠানে। বক্তারা মানব পাচারের বিভিন্ন কৌশল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা, ভুয়ো চাকরির প্রলোভন এবং নিরাপদ থাকার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কোনও সন্দেহজনক ঘটনা নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশ বা প্রশাসনকে জানাতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়।জেলা শক্তি বাহিনীর কো-অর্ডিনেটর মিজানুর রহমান বলেন, ‘‘বিভিন্ন সময়ে মানব পাচারের ঘটনা সামনে আসে। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের সচেতন করে তুলতে পারলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব। সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।’’বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত কর্মশালায় পুলিশ আধিকারিক ও অতিথিরা মানব পাচার রোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। মনোযোগ দিয়ে সেই আলোচনা শোনে পড়ুয়ারা। আয়োজকদের মতে, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতাই মানব পাচার রোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার।