কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এবং শ্রমিক, কর্মচারী, শিক্ষক-শিক্ষাকর্মীদের একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরে শক্তি প্রদর্শন করল বামপন্থী সংগঠনগুলি। যৌথ মঞ্চ ও ৯ই জুলাই কমিটি, দক্ষিণ দিনাজপুর জেলা-র ডাকে আয়োজিত মিছিল ঘিরে শহরের একাংশে রাজনৈতিক আবহ তৈরি হয়।বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কালেক্টরেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। লাল পতাকা, দাবি-সংবলিত ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাস্তা। বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল যাওয়ার পর অনুষ্ঠিত হয় সমাবেশ। সেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তারা শ্রমিক, সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক দাবি তুলে ধরেন।আন্দোলনকারীদের দাবি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার এবং সরকারি কর্মীদের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।সংগঠনের নেতৃত্বের স্পষ্ট বার্তা, দাবিদাওয়া পূরণ না হলে এই কর্মসূচি এখানেই থেমে থাকবে না। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।