নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার অভিষেক গুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার দুপুরে বালুরঘাটে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার-সহ দলের একাধিক নেতা।দলীয় সূত্রে জানা গিয়েছে, এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকারে সীমাবদ্ধ ছিল না। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক দলগুলির সমন্বয় বজায় রাখার মতো বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। নতুন দায়িত্ব গ্রহণের জন্য পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান বিজেপি নেতারা।জেলা বিজেপি নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক পরিসরে প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলি তুলে ধরাই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য। অন্যদিকে, জেলার প্রশাসনিক পরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে রাজনৈতিক দল ও পুলিশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেও মত রাজনৈতিক মহলের একাংশের।নতুন পুলিশ সুপারের সঙ্গে এই সাক্ষাৎকে ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছে।