নিজস্ব সংবাদদাতা:সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনের জেলা দপ্তরে পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান এবং সমিতির দীর্ঘ ৫৪ বছরের ইতিহাস তুলে ধরার কর্মসূচি নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক দিব্যেন্দু সিদ্ধান্ত, জেলা সভাপতি বিশ্বনাথ শীল-সহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের পথচলা, শিক্ষাক্ষেত্রে ভূমিকা এবং প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা।
জেলা সম্পাদক দিব্যেন্দু সিদ্ধান্ত জানান, ১৯৭১ সালের ৭ জুন শিলিগুড়িতে সংগঠনের প্রতিষ্ঠা হয়। সেই ঐতিহাসিক দিনটিকেই স্মরণ করে প্রতি বছরের মতো এ বছরও প্রতিষ্ঠা দিবস পালন করা হল। তাঁর কথায়, ‘‘আজকের অনুষ্ঠানে সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি শিক্ষার উন্নয়ন, ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী দিনে সংগঠনের কর্মসূচি কী হবে, তা নিয়েও মতবিনিময় করা হয়েছে।’’
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। নেতৃত্বের বক্তব্যে আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তাও উঠে আসে।