আমাদের পাড়া–আমাদের সমাধান: বালুরঘাটে উন্নয়নে আরও গতি, ১.১৬ কোটির নতুন বরাদ্দে জারি ওয়ার্ক অর্ডার

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
বালুরঘাট শহরের পাড়ায় পাড়ায় উন্নয়নের চাকা আরও জোরে ঘোরাতে ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ কর্মসূচির অধীনে নতুন করে বরাদ্দ হল আরও ১ কোটি ১৬ লক্ষ ৫ হাজার ৬১৮ টাকা। বুধবার বালুরঘাট পৌরসভায় সাংবাদিক বৈঠক ডেকে ১৫টি উন্নয়ন কাজের ওয়ার্ক অর্ডার সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার হাতে তুলে দিল পৌর কর্তৃপক্ষ। এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে শহরের ২০টি কাজের জন্য প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। পৌরসভা সূত্রের খবর, সেই কাজগুলির বেশিরভাগই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেখ সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ৫৪টি স্কিমকে একত্রিত করে এদিন ১৫টি বড় কাজের ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে। রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, আলো বসানো থেকে শুরু করে নাগরিক পরিকাঠামোর একাধিক খাতে এই কাজগুলি হবে।ওয়ার্ক অর্ডার তুলে দেওয়ার পাশাপাশি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন চেয়ারম্যান অশোক কুমার মিত্র। তিনি স্পষ্ট করে বলেন, “কাগজে-কলমে নয়, কাজ করে দেখাতে হবে। মানুষের কাছে দ্রুত সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তাঁর কথায়, আগামী কয়েক দিনের মধ্যেই এই ১৫টি কাজ শুরু হয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।চেয়ারম্যান আরও বলেন, “আজ গোটা দেশের মানুষ দেখছে—গোটা বিশ্বের মানুষ দেখছে—পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলেন, সেটা তিনি করেন। ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ প্রকল্প তারই জ্বলন্ত উদাহরণ।” তাঁর দাবি, সাধারণ মানুষের প্রয়োজনকে সামনে রেখেই এই প্রকল্পের পরিকল্পনা ও রূপায়ণ করা হয়েছে।পৌরসভা সূত্রে খবর, পাড়াভিত্তিক চাহিদা ও নাগরিক সমস্যার কথা মাথায় রেখেই স্কিমগুলি বাছাই করা হয়েছে। ফলে রাস্তা, জলনিকাশি বা আলো—যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোগ করছিলেন, সেগুলির সমাধান দ্রুত হবে বলে আশা। নতুন বরাদ্দ ও কাজ শুরুর খবরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই আশার আলো দেখছেন বাসিন্দারা। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে বালুরঘাট শহরের চেহারা আরও বদলাবে বলেই মনে করছে পৌর প্রশাসন।