নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর :দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। শনিবার কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর হাতে জেলার বিভিন্ন উন্নয়নমূলক দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।
স্মারকলিপিতে বালুরঘাট থেকে হাওড়া ও শিয়ালদহ পর্যন্ত দ্রুতগতির বুলেট ট্রেন পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বালুরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন চালু করার প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়াও জেলার বহুদিনের দাবি বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনকে সপ্তাহের সাত দিন চালানোর আবেদন জানানো হয়েছে।
বিধায়ক বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য এলাকার যোগাযোগ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
এই প্রসঙ্গে তাপস চন্দ্র রায় বলেন, বালুরঘাট থেকে বুলেট ট্রেন চালু, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসকে সপ্তাহে সাত দিন পরিচালনা এবং বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের কাজ দ্রুত শেষ করার দাবি তিনি রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। জেলার উন্নয়নের স্বার্থে এই দাবিগুলি ইতিবাচকভাবে বিবেচিত হবে বলেও তিনি আশাবাদী।