দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের সীতাহার মূলগ্রাম হাইস্কুলে নারী সুরক্ষা, শিশু অধিকার, সাইবার নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধ নিয়ে বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের আইন সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বার্তা দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি জাবেদ আলি। তিনি শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ থানার আইসি আশিস কুন্ডু। তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ, আইনি সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও বক্তব্য রাখেন এসআই রিনা রুইদাস, শক্তি বাহিনীর জেলা সমন্বয়কারী মিজানুর রহমান এবং সংগঠনের প্রতিনিধি দেবু সরকার ও চন্দনা সরকার মণ্ডল। বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ)-এর প্রতিনিধি হান্তুয়া রাম ও তাঁর দল এবং আনন্দধারার জেলা প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে শিক্ষার্থীরা নারী ও শিশু সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধে সচেতন থাকার শপথ নেয়।