নিজস্ব সংবাদদাতা,কুশমন্ডি :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার কুশমন্ডির আদ্যখণ্ড এলাকায় একাধিক কর্মসূচির আয়োজন করে বিজেপি। এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আদ্যখণ্ড ভূপানন্দপুরী আশ্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পুজো। দুপুরে এলাকায় পৌঁছন কুশমন্ডির বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায়। দলীয় কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনার মধ্যেই তিনি আশ্রমে গিয়ে পুজো ও প্রার্থনায় অংশ নেন।পুজোর পর বিধায়ক বলেন, দেশের উন্নয়ন, জনকল্যাণ এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একাধিক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দীর্ঘায়ু কামনায় এ দিনের এই প্রার্থনা ও পুজোর আয়োজন করা হয়েছে।এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসেবে এলাকায় বৃক্ষরোপণও করেন বিধায়ক। পরে উপস্থিত মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন।