নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:সোমবার রাতের বিধ্বংসী ঝড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের হলদাডাঙা, কৃষ্ণপুর-সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ঝড়ে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে কয়েক জন আহত হন। তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতিও দেন বিধায়ক।এর আগে মঙ্গলবার দুপুরে পতিরাম গ্রাম পঞ্চায়েতের পাগলিগঞ্জ হাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গেও দেখা করেন বুধরাই। ক্ষয়ক্ষতির পরিস্থিতি খতিয়ে দেখে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।প্রাকৃতিক দুর্যোগের পর সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হলদাডাঙার বাসিন্দা ছোটন চক্রবর্তী বলেন, “ঝড়ে আমাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক যেভাবে ক্ষতিগ্রস্ত ও আহত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”ঝড়ের ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এই ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মনোবল বাড়াবে বলেই মনে করছেন এলাকার মানুষ।