নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট : বিধানসভা নির্বাচনের প্রায় শেষ লগ্নেও কুশমণ্ডিতে শক্তিবৃদ্ধির বার্তা দিল বিজেপি। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভার অনন্তপুর বুথে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়ে ২৫ জন বিজেপিতে যোগদান করেন বলে দাবি দলের নেতৃত্বের।এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য নেতারা। দলীয় পতাকা হাতে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।নবাগতদের মধ্যে রমেশ বর্মন নামে এক কর্মী বলেন, আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এলাকায় এখন কংগ্রেসের অস্তিত্ব কার্যত নেই। তাই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, অনন্তপুর বুথে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস থেকে বহু কর্মী বিজেপিতে এসেছেন। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যাও উল্লেখযোগ্য। তিনি বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে মানুষ বিজেপির উপর আস্থা রাখছেন।নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচিকে ঘিরে কুশমণ্ডির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।