নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে শনিবার মহিলা মোর্চার উদ্যোগে বড় মিছিল হল। বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থকের উপস্থিতিতে কুশমন্ডি জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ে।দলীয় সূত্রে খবর, এ দিনের মিছিলে মহিলা মোর্চার নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ও। কুশমন্ডির একাধিক প্রধান সড়ক ধরে মিছিলটি এগোয়। কুশমন্ডি-উসাহরণ রোড, কুশমন্ডি-মহিপাল রোড, কুশমন্ডি-আমিনপুর রোড-সহ বিভিন্ন এলাকা ঘুরে গোটা শহর পরিক্রমা করে মিছিল।মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পথে পথে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।শেষে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন তাপস চন্দ্র রায়। জিতে এলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ করবেন, তা তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারেরও কড়া সমালোচনা করেন বিজেপি প্রার্থী।