নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট:ভোটের আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরে। রবিবার দুপুরে পতিরাম থানার অন্তর্গত ১ নম্বর বোল্লা গ্রাম পঞ্চায়েতের বাউল নলকুড়া শ্মশান সংলগ্ন এলাকায় টোটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক টোটোচালকের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাউল এলাকার বাসিন্দা খোকন সরকার (৫৬) এদিন দুপুর আনুমানিক দেড়টা নাগাদ টোটো নিয়ে বাউলের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে গঙ্গারামপুরগামী একটি মারুতি গাড়ি এসে সোজাসুজি ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গুরুতর জখম হন টোটোচালক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মারুতি গাড়িটির তেমন ক্ষতি হয়নি। গাড়িটির নম্বর WB 62F 8212 এবং সেটি নির্বাচনী কাজে নিযুক্ত ছিল।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তেমন উত্তেজনা ছড়ায়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচলও স্বাভাবিক থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।