নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : এক সময় নববর্ষের প্রভাত মানেই ছিল আড্ডা, গান, কবিতা আর মিলনমেলা। সেই পুরনো বাঙালি ঐতিহ্য আজ প্রায় বিস্মৃতির পথে। তবে সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতিকেই আবার নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা চলছে বালুরঘাটে।প্রায় আঠারো বছর ধরে শহরের দুই সাহিত্য পত্রিকা ‘দধীচি’ ও ‘প্রত্যুষ’-এর উদ্যোগে নববর্ষের সকালে আয়োজিত হচ্ছে ‘বৈঠকি আড্ডা’। এ বছরও তার ব্যতিক্রম হল না। পয়লা বৈশাখের সকালে বালুরঘাটের মন মত নাট্যচর্চা কেন্দ্রে বসেছিল সেই আড্ডার আসর।শহরের বিভিন্ন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান। নাচ, গান, কবিতা আবৃতির পাশাপাশি ছিল খোলামেলা কথোপকথন। বাঙালির চিরাচরিত রীতি মেনে মুড়ি, চানাচুর আর চায়ের কাপ হাতে আড্ডায় উঠে আসে পুরনো স্মৃতি থেকে বর্তমান সময়ের নানা প্রসঙ্গ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব প্রদোষ নিত্র, পরিবেশকর্মী তুহিন শুভ্র মণ্ডল, সাহিত্যিক কবি চক্রবর্তী সহ আরও অনেকে।উদ্যোক্তাদের পক্ষ থেকে কৃষ্ণপদক মণ্ডল জানান, “প্রায় ১৮ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি। দধীচি ও প্রত্যুষ পত্রিকার যৌথ উদ্যোগে এই বৈঠকি আড্ডা নববর্ষের দিন এক অন্য মাত্রা পায়। সংস্কৃতির মধ্য দিয়ে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই আমাদের লক্ষ্য।”আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এক টুকরো বাঙালিয়ানা—নববর্ষের সেই বৈঠকি আড্ডাই যেন আবার নতুন করে শিকড়ের টান অনুভব করাল বালুরঘাটে।