নববর্ষে গঙ্গারামপুরে তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মেতে উঠল শহর

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: নববর্ষের পুণ্য তিথিতে গঙ্গারামপুরে দেখা গেল উৎসবের রঙিন আবহ। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের উদ্যোগে আয়োজিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ঘিরে সকাল থেকেই উত্তেজনা ও উৎসাহ ছিল তুঙ্গে।
শোভাযাত্রায় অংশ নেন মহিলা ও পুরুষ কর্মী-সমর্থকেরা। মহিলাদের পরনে শাড়ি, পুরুষদের গায়ে পাঞ্জাবি—ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এই মিছিল যেন হয়ে উঠেছিল এক চলমান উৎসব। রবীন্দ্রসঙ্গীতের সুর, সঙ্গে শঙ্খধ্বনি ও উলুধ্বনি—সব মিলিয়ে নববর্ষের আবহে মেতে ওঠে গোটা শহর।
মিছিলটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তৃণমূল কর্মীরা। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে এই শোভাযাত্রা উপভোগ করেন, কেউ বা হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে দাবি, এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। নববর্ষের দিনে এই উদ্যোগে গঙ্গারামপুরে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *