নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের টেট (TET) পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার -এর হাতে স্মারকলিপি তুলে দিল সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি।শনিবার সকালে বালুরঘাটে কেন্দ্রীয় মন্ত্রীর কার্যালয়ে সংগঠনের জেলা নেতৃত্ব এই স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি টেট-সংক্রান্ত বিষয় ছাড়াও প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন শিক্ষক প্রতিনিধিরা।সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দিব্যেন্দু সিদ্ধান্ত, সহ-সম্পাদক শ্যামসুন্দর মহন্ত, প্রণব প্রামাণিক-সহ অন্যান্য নেতৃত্ব।স্মারকলিপি দেওয়ার পর জেলা সম্পাদক দিব্যেন্দু সিদ্ধান্ত জানান, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার আওতা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্তরে উদ্যোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সংসদে অধ্যাদেশ জারি করে এই সমস্যার সমাধানের পথ খুঁজতে কেন্দ্রের উদ্যোগী হওয়া উচিত। সেই বিষয়টি শিক্ষা প্রতিমন্ত্রীর নজরে আনা হয়েছে।শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের স্বার্থে টেট-সংক্রান্ত জটিলতার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে এ দিনের স্মারকলিপি প্রদান করা হয়েছে।