নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের কৈগ্রামে শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।পরিবার সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে পড়ে। এরপর ঘরের আলমারি ভেঙে প্রায় ৮ থেকে ১০ ভরি সোনার গয়না এবং আনুমানিক ১ লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা।চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ। থানার ওসি নীলাদ্রি মালি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার পিছনে এলাকার পরিচিত কারও হাত থাকতে পারে। বাড়িতে কেউ না থাকার বিষয়টি আগে থেকেই জানা ছিল বলেই তাঁদের সন্দেহ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।