বালুরঘাটের কৃতি ছাত্র রমিতের বাড়িতে অর্পিতা, সর্বভারতীয় মেধাতালিকায় সম্ভাব্য দ্বিতীয়কে শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট: সিবিএসই-র মাধ্যমিক পরীক্ষায় নজির গড়ে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল রমিত পাল। পাঁচশোর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। পাশাপাশি রাজ্য স্তরেও সম্ভাব্য দ্বিতীয় হয়েছে আত্রেয়ী ডিএভি ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছাত্র। রমিতের এই সাফল্যে খুশির হাওয়া গোটা বালুরঘাট জুড়ে।
শনিবার রমিতের বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ফুল ও শুভেচ্ছা জানিয়ে মেধাবী ছাত্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি-সহ অন্যান্যরা।
রমিতের বাবা রাজীব পাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মোহাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা মৌসুমী ঘোষও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার।
রাজীববাবু বলেন, “অর্পিতা ঘোষ-সহ অনেক বিশিষ্ট মানুষ রমিতের সঙ্গে দেখা করতে আসছেন। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। ছেলের সাফল্যের জন্যই এই আনন্দের মুহূর্ত এসেছে। খুব ভালো লাগছে।” তিনি আরও জানান, ছেলে ভবিষ্যতে যা হতে চাইবে, সেই স্বপ্নপূরণে বাবা-মা সবসময় পাশে থাকবেন।
অর্পিতা ঘোষ বলেন, “বালুরঘাটের মেধাবী ছাত্র রমিতের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। ওর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি। রমিত আরও অনেক দূর এগিয়ে যাক, সেটাই চাই।”
রমিতের এই সাফল্যে গর্বিত বালুরঘাটের শিক্ষামহলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *