ফুটবলপ্রেমী দিবসে বালুরঘাটে রক্তদান শিবির, সনৎ বসু-সহ ১৬ ফুটবলপ্রেমীর স্মরণে উদ্যোগ

বালুরঘাট: ফুটবলপ্রেমী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বারও রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। রবিবার বালুরঘাটে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা রেডক্রস সোসাইটির সম্পাদক গৌতম গোস্বামী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুজয় ঘোষ-সহ বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, এ দিন ৩০ জন রক্তদাতার মাধ্যমে রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শিবির আয়োজনে ক্রীড়া সংস্থাকে সহযোগিতা করেছে FIBDO।
১৯৮০ সালের ১৬ অগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে গন্ডগোলের জেরে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৬ জন ফুটবলপ্রেমী। তাঁদের মধ্যে ছিলেন বালুরঘাটের সাহেবকাচারি এলাকার বাসিন্দা সনৎ বসু। সেই ঘটনার স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর ১৬ অগস্ট রাজ্য জুড়ে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস।
সেই উপলক্ষেই এ দিন বালুরঘাটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে সনৎ বসুর বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
গৌতম গোস্বামী বলেন, “১৯৮০ সালের সেই ঘটনায় আমাদের বালুরঘাটের ফুটবলপ্রেমী সনৎ বসু-সহ ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। তাঁদের স্মরণে প্রতি বছর ফুটবলপ্রেমী দিবসে সনৎ বসুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানো এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়।”
তিনি আরও বলেন, “আগের সরকারের আমলে এই দিনটি খেলা দিবস হিসেবে পালন করা হত। কিন্তু বাংলার ক্রীড়া জগতে এমন বিভীষিকাময় দিন যাতে আর না আসে, সেই স্মৃতি মনে রেখেই ফুটবলপ্রেমী দিবস পালন করা প্রয়োজন। আমরা তখনও দাবি জানিয়েছিলাম, ১৬ অগস্ট ফুটবলপ্রেমী দিবস হিসেবেই পালন করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *