নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও বালুরঘাট শহর বামফ্রন্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হল। শনিবার বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ভারতবর্ষের বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দেওয়া হয়।কর্মসূচিতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার এবং সংবিধান রক্ষার পাশাপাশি দেশে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে শপথ নেন বামফ্রন্টের কর্মী-সমর্থকেরা। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা অর্জনের পিছনে বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের অবদানকে কোনও ভাবেই অসম্মান করা মেনে নেওয়া হবে না। স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপমানের প্রতিবাদে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি দেশের সংবিধান, গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাই তুলে ধরেছে বালুরঘাট শহর বামফ্রন্ট।