বালুরঘাট: দ্রুতগতির মোটরবাইকের ধাক্কায় ভুটভুটিতে থাকা এক ব্যক্তি-সহ দু’জন আহত হলেন পতিরামে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পতিরাম থানার অন্তর্গত ৮ নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বাদ-খোরনা গ্রামের একটি মদের শোরুমের সামনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি মোটরবাইক দ্রুতগতিতে এসে একটি ভুটভুটির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক আরোহী চন্দন মণ্ডল (২৩) গুরুতর আহত হন। তাঁর বাড়ি হিলি থানার ঠাকুরপুরা (নয়াপাড়া) এলাকায়। পাশাপাশি ভুটভুটিতে থাকা নূর হোসেন চৌধুরী (২৫) নামে এক ব্যক্তিও আহত হন। তাঁর বাড়ি কুমারগঞ্জ থানার রায়নন্দায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং পতিরাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আহত দু’জনকে অ্যাম্বুল্যান্সে করে চিকিৎসার জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।