নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: অবৈধ ভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার, ১৩ অগস্ট বালুরঘাট ব্লকের কালিকাপুর ও ফুলঘরা ঘাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযানে পাঁচটি দেশি নৌকা, ট্রলি-সহ চারটি ট্রাক্টর, দু’টি জেসিবি, একটি ডাম্পার এবং ন’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিকাপুর ও ফুলঘরা ঘাট এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় বালি তোলার কাজে ব্যবহৃত নৌকা এবং বালি পরিবহণে ব্যবহৃত একাধিক যানবাহন বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ।এই ঘটনায় বালুরঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৩০৩(২) ও ৩১৭(২) ধারা এবং MMDR Act, ১৯৫৭-এর ২১ ধারায় মামলা রুজু হয়েছে।নদী ও পরিবেশের স্বার্থে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে এই কারবারের পিছনে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অবৈধ বালি উত্তোলনের সঙ্গে যুক্ত বড় চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ।