১৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে আর্দ্রতা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: স্বাধীনতা দিবসের আগে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১২ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত জেলায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। ১২ ও ১৩ অগাস্ট হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১৪ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে গ্রামীণ কৃষি মৌসম সেবা (এএমএফইউ), মাঝিয়ান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচ দিনে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৭ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮২ থেকে ৯১ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৬৩ শতাংশের মধ্যে থাকতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জমিতে জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ফসলের জমির পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় কৃষি পরিচর্যা করার পরামর্শ দিয়েছে কৃষি মৌসম সেবা। বিশেষ করে ১৪ থেকে ১৬ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই সময়ে কৃষিকাজের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *