নিজস্ব সংবাদদাতা বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত বোল্লা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরার দাবি বিজেপির। কাষ্টগর মারাংবুরু ফুটবল ক্লাবের প্রায় ৫০ জন যুবক শুক্রবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে ক্ষোভ বাড়ছিল ওই যুবকদের মধ্যে। উন্নয়নমূলক কাজের অভাব, কর্মসংস্থানের সংকট এবং স্থানীয় স্তরে বঞ্চনার অভিযোগ তুলে তাঁরা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি।শুক্রবার আয়োজিত যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তাঁদের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ওই যুবকেরা।এদিন বুধরাই টুডু বলেন, “মানুষ এখন পরিবর্তন চাইছে। এই যোগদান সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত।”অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব অবশ্য ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, এটি সামান্য বিষয় এবং ভোটের ফলাফলে এর কোনও প্রভাব পড়বে না।তবে নির্বাচনের মুখে এই দলবদলকে কেন্দ্র করে তপন বিধানসভায় রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এমন ঘটনা ভোটের আগে উত্তাপ আরও বাড়াবে।