নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর: ভোটের মুখে প্রচারে নতুনত্ব আনলেন গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। বুধবার নিজের গ্রামে টোটো চালিয়ে জনসংযোগে বেরিয়ে নজর কাড়লেন তিনি। রাস্তায় চলতে চলতেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন এলাকার নানা সমস্যা-অভিযোগ। প্রার্থীর এই ব্যতিক্রমী প্রচার ঘিরে কৌতূহল তৈরি হয় স্থানীয়দের মধ্যে।দলীয় সূত্রে খবর, এ দিন সকালে টোটো নিয়ে গ্রাম পরিক্রমায় বেরোন গৌতম। পথে বহু মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন ভোটারদের সামনে। প্রার্থীর এই সহজ যোগাযোগের ভঙ্গি কর্মী-সমর্থকদের মধ্যেও নতুন উৎসাহ জাগিয়েছে বলে দাবি তৃণমূলের।একই দিনে বেলবাড়ি অঞ্চলে একটি পথসভাতেও যোগ দেন গৌতম দাস। সেখানে তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আবেদন জানান। সভায় যথেষ্ট ভিড় দেখা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তা ভোটের আগে সংগঠনের সক্রিয়তারই ইঙ্গিত।এ দিনের কর্মসূচিতে ব্লক ও অঞ্চল নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে গঙ্গারামপুরে তৃণমূলের প্রচার যে গতি পাচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।গৌতম দাস বলেন, “টোটো চালিয়ে প্রচার করলে কম সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। মানুষও ভাল সাড়া দিচ্ছেন।”এখন দেখার, ভোটের ময়দানে এই অভিনব প্রচার কতটা প্রভাব ফেলে।