নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৫১২ নম্বর জাতীয় সড়কে পরপর দু’টি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দু’টি ঘটনাতেই গুরুতর জখম হন একাধিক ব্যক্তি। আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রথম দুর্ঘটনাটি ঘটে বালুরঘাটের আটইর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটমুখী একটি চারচাকা গাড়ির সঙ্গে পতিরামের দিকে যাওয়া যাত্রীবোঝাই একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, চারচাকা গাড়িটি রাজ্য সরকারের একটি দপ্তরের। দুর্ঘটনায় টোটোর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।এর কয়েক ঘণ্টা পর ফের দুর্ঘটনা ঘটে কলকলা মন্দির সংলগ্ন জাতীয় সড়কে। হিলিগামী একটি টোটোর সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে জখম হন বাইকের চালক ও আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোয় পাঁচজন যাত্রী ছিলেন। সেই সময় একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে চলে যায়। তখনই বাইকের সঙ্গে ধাক্কা লাগে।পরপর দুই দুর্ঘটনার পর জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।