নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : নাট্যচর্চার জন্য বরাবরই পরিচিত বালুরঘাট শহর। বিভিন্ন নৃত্যশৈলীর চর্চাও রয়েছে এখানে। তবে ওডিসি নৃত্যের চর্চা তুলনায় কম। সেই ঘাটতি পূরণে উদ্যোগী হল বালুরঘাটের নটরাজ ড্যান্স অ্যাকাডেমি। দক্ষিণ দিনাজপুরে শাস্ত্রীয় নৃত্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে শহরে আয়োজিত হল তিনদিনব্যাপী ওডিসি নৃত্য কর্মশালা।স্টেট বাস টার্মিনাস সংলগ্ন অ্যাকাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার শুরু হওয়া কর্মশালার বুধবার ছিল শেষ দিন। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ওডিসি নৃত্যগুরু অলোকা কানুনগো-র তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে জেলার প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। উদ্যোগে ছিলেন নৃত্যশিক্ষক সুমন মণ্ডল।প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা প্রশিক্ষণে ‘মহাবিদ্যা’, ‘ত্রিখন্ডি প্রণাম’ ও ‘নাচন্তি রঙ্গে শ্রীহরি’-র উপর হাতে-কলমে পাঠ দেওয়া হয়। পাশাপাশি ওডিসি নৃত্যের ব্যাকরণ, মুদ্রা, পদবিন্যাস ও অভিব্যক্তির সূক্ষ্ম দিকগুলি নিয়েও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন অলোকা কানুনগো। আয়োজকদের দাবি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মশালার আয়োজন করা হবে।