শেষ দিনে তপনে আরএসপি প্রার্থীর শক্তিপ্রদর্শন, বিশাল বাইক র‍্যালিতে প্রচার সারলেন বাপ্পাই হরো

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে তপন বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী বাপ্পাই হরো শক্তি প্রদর্শন করলেন বিশাল বাইক র‍্যালির মাধ্যমে। সোমবার বালুরঘাটের চকভৃগু বাসস্ট্যান্ড থেকে এই র‍্যালির সূচনা হয়। পরে চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে বালুরঘাট পুরসভার তপন বিধানসভা অন্তর্গত তিনটি ওয়ার্ডেও প্রচার চালান তিনি।
এদিন র‍্যালিতে অসংখ্য মোটরবাইক ও টোটো অংশ নেয়। সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। প্রচারের শেষ লগ্নে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে আরএসপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহের আবহ।
র‍্যালির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাপ্পাই হরো বলেন, প্রচারের শেষ দিনে চকভৃগু গ্রাম পঞ্চায়েত এলাকা এবং বালুরঘাট পুরসভার অন্তর্গত তিনটি ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, ভোট প্রচারে যেখানেই গিয়েছেন, সেখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। সেই কারণেই জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।
এদিন প্রাক্তন বিজেপি বিধায়ক বুধরাই টুডুকে কটাক্ষ করতেও ছাড়েননি আরএসপি প্রার্থী। তাঁর অভিযোগ, এলাকায় কোনও উন্নয়ন না হওয়ায় বহু জায়গায় প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রাক্তন বিধায়ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *