নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি ঘোষণার পর জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আশার সঞ্চার হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে মেডিকেল কলেজের সঙ্গে জেলার স্বাস্থ্য পরিষেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের স্মরণে রাখার দাবি তুলল দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চ।মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বালুরঘাট হাসপাতাল চত্বরের ইতিহাসের সঙ্গে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, তেমনই হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে সরোজ রঞ্জন চ্যাটার্জি, সুরেশ রঞ্জন চ্যাটার্জি, মমতা চ্যাটার্জি এবং মহারাজা বোসের অবদানও জেলার মানুষের কাছে স্মরণীয়।সংগঠনের বক্তব্য, দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের নামকরণের ক্ষেত্রে প্রশাসন উপযুক্ত সিদ্ধান্ত নিক। তবে যদি মেডিকেল কলেজের নামের সঙ্গে তাঁদের নাম যুক্ত করা সম্ভব না হয়, তাহলে কলেজের কোনও ওয়ার্ড, ভবন বা ক্যাম্পাসের অংশের সঙ্গে এই ব্যক্তিত্বদের নাম সংযুক্ত করার বিষয়টি বিবেচনা করা হোক।মঞ্চের সদস্যদের দাবি, অতীতের অবদানকে সম্মান জানানো হলে আগামী প্রজন্ম জেলার স্বাস্থ্য পরিষেবার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং সেই ঐতিহ্যকে সামনে রেখেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে।একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ে যাঁরা উদ্যোগী ভূমিকা পালন করেছেন, তাঁদের অবদানও ইতিহাসে স্থান পাওয়া উচিত। জেলার স্বাস্থ্য ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে ওঠার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের অবদান যথাযথভাবে সংরক্ষণ ও স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে মঞ্চ।