নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : চুরির ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই রহস্যভেদ করল গঙ্গারামপুর থানার পুলিশ। চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে ধরা হয়। মঙ্গলবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন গঙ্গারামপুরের বাসিন্দা পিন্টু সরকার তাঁর বাড়ি থেকে সোনা-রুপোর গয়না, পিতলের বাসনপত্র এবং নগদ অর্থ চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।তদন্তে নেমে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ সোমবার গভীর রাতে হাইস্কুল পাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সুজয় রায় (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেই চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।