নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং সরকারি কর্মক্ষেত্রে সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার দাবিতে দক্ষিণ দিনাজপুরে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের রাজ্য সংগঠন সম্পাদক মিহিরবরণ হালদার ও তাঁর সহযোগীরা। এদিন জেলাশাসককে সংবর্ধনাও জানানো হয়।বৈঠক শেষে মিহিরবরণ হালদার বলেন, ‘‘আমরা রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করি। সরকারি কর্মচারীদের মধ্যে সুস্থ কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখাই আমাদের লক্ষ্য। সেই বিষয়গুলি নিয়েই জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে।’’তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মক্ষেত্রে যে কর্মসংস্কৃতির অবক্ষয় ঘটেছে, তা পুনরুদ্ধারের জন্য তাঁদের সংগঠন কাজ করছে। পাশাপাশি কিছু সংগঠন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সরকারি কর্মচারীদের মধ্যে প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, সরকারি কর্মচারীদের সংগঠন হিসেবে তারা পশ্চিমবঙ্গ সার্ভিস রুল মেনে চলে এবং কোনও রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে কাজ করে না।মিহিরবরণ হালদারের অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে একটি সংগঠন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সদস্য সংগ্রহ করছে এবং তাদের প্রচারসামগ্রীতে রাজনৈতিক দলের কার্যালয়ের ঠিকানাও উল্লেখ করা হচ্ছে। বিষয়টি জেলাশাসকের নজরে আনা হয়েছে বলে জানান তিনি।সংগঠনের দাবি, সম্প্রতি জেলার সরকারি কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যাপক সাড়া মিলেছে। একই সঙ্গে বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয়ের ঠিকানা ব্যবহারের বিষয়েও আপত্তি জানানো হয়েছে। মিহিরবরণ হালদার বলেন, ওই ঠিকানা ব্যবহার না করার বিষয়ে বিজেপির কার্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলও প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে তাঁরা আশা করছেন।সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিষয়টি বিজেপি নেতৃত্বের কাছেও জানানো হয়েছে বলে দাবি করেন রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের রাজ্য সংগঠন সম্পাদক।