বালুরঘাট: পাটকে কাজে লাগিয়ে হস্তশিল্প তৈরি করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হল বালুরঘাটে। বুধবার দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র (DDKVK), UBKV-এর সেমিনার হলে ‘Manufacturing of Jute Handicrafts’ বিষয়ে ১০ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়।
SCSP (Scheduled Caste Sub Plan)-এর আওতায় ICAR-NINFET, কলকাতা এবং দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ICAR-NINFET-এর আর্থিক সহায়তায় আয়োজিত কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ২০ জন তপশিলি মহিলা অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICAR-NINFET-এর বিজ্ঞানী তথা SCSP স্কিমের নোডাল অফিসার সুজয় দাস, টেকনিক্যাল অফিসার অগ্নিভ মল্লিক, মাস্টার ট্রেনার শুভা রোজারিয়া, কৃষি কলেজের সহযোগী ডিন ডাঃ জ্যোতির্ময় করফর্মা, RRS (OAZ)-এর ইনচার্জ ডাঃ জয়ন্ত দত্ত এবং দক্ষিণ দিনাজপুরের DDA (জল ব্যবস্থাপনা) শ্যামল কান্তি শিট-সহ DDKVK-এর বিজ্ঞানীরা।
প্রশিক্ষণে পাটজাত সামগ্রীর নকশা, তৈরি, ফিনিশিং, মানোন্নয়ন, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের বিষয়ে হাতে-কলমে শেখানো হবে। আয়োজকদের আশা, প্রশিক্ষণ শেষে মহিলারা নিজেরাই পাটজাত সামগ্রী তৈরি করে বাজারজাত করার পাশাপাশি ছোট ব্যবসা বা জুট হ্যান্ডিক্রাফ্ট ইউনিট গড়ে তুলতে পারবেন।