জ্যোতি বসুর ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বালুরঘাটে সিপিএমের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, ৮ জুলাই রক্তদান শিবির-সহ একাধিক কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : আগামী ৮ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১৩তম জন্মবার্ষিকী। দিনটিকে স্মরণীয় করে রাখতে বালুরঘাটে সিপিএমের জেলা পার্টি অফিসের উদ্যোগে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির সূচনা হিসেবে রবিবার সকালে পার্টি অফিসে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। খুদে শিল্পীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় মোট ৬৫ জন অংশগ্রহণকারী নিজেদের কল্পনা ও ভাবনাকে রঙ-তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলে।
সিপিএমের প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ চন্দ্র জানান, জ্যোতি বসুর জন্মবার্ষিকী উপলক্ষে শুধু বসে আঁকো প্রতিযোগিতাই নয়, আগামী ৮ জুলাই মূল অনুষ্ঠানেও একাধিক কর্মসূচি রাখা হয়েছে। সকালে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রের দাবি, জ্যোতি বসুর আদর্শ ও সমাজমুখী ভাবনাকে স্মরণ করেই এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *