অভিষেকের পিএ’ সন্দেহে কলকাতাগামী বাস ঘিরে বিক্ষোভ, পরিচয় যাচাইয়ের পর ধোঁয়াশা কাটাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর: একটি গুজব ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন এলাকায়। খবর রটে, কলকাতাগামী একটি বেসরকারি নাইট সার্ভিস বাসে নাকি রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত রায় । সেই খবর ছড়াতেই কয়েক জন বিজেপি সমর্থক বাসটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। থানার আধিকারিকরাও সেখানে যান। বাসে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই করতে শুরু করে পুলিশ। কিছুক্ষণ ধরে চলে তল্লাশি ও নথি পরীক্ষা।শেষ পর্যন্ত পুলিশ জানায়, যাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ বলে সন্দেহ করা হচ্ছিল, তিনি আদৌ সেই ব্যক্তি নন। তাঁর নাম শরিফুল ইসলাম। পুলিশ সূত্রের দাবি, তিনি অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার আইবি শাখায় কর্মরত।পরিচয় নিশ্চিত হওয়ার পর আর কোনও জটিলতা না বাড়িয়ে বাসটিকে গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেয় পুলিশ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।ঘটনা প্রসঙ্গে বিজেপির গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সাংগঠনিক কাজ চলাকালীন কয়েক জন কর্মী ফোন করে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ বলে পরিচিত এক ব্যক্তি নাকি বালুরঘাট থেকে কলকাতাগামী একটি বাসে যাচ্ছেন। সেই খবরের ভিত্তিতেই কিছু মানুষ বাসটি থামিয়ে বিষয়টি যাচাইয়ের দাবি তোলেন। পরে পুলিশ তদন্ত করে জানায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ নন, বরং তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী। প্রশাসনের তরফে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাসটি ছেড়ে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *