নিজস্ব সংবাদদাতা, হিলি: হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও কর্মাধ্যক্ষদের পদত্যাগের পর এবার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানও পদত্যাগ করলেন। সোমবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বীথিকা ঘোষ এবং উপপ্রধান মুস্তাফিজুর মণ্ডল হিলির সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) চিরঞ্জিত সরকারের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।বিডিও চিরঞ্জিত সরকার জানান, প্রধান ও উপপ্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সরকারি নিয়ম মেনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।পদত্যাগের কারণ প্রসঙ্গে প্রধান বীথিকা ঘোষ বলেন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পিছনে কোনও রাজনৈতিক চাপ বা প্রভাব নেই বলেও তিনি দাবি করেন। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তিনি প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।অন্যদিকে, উপপ্রধান মুস্তাফিজুর মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উল্লেখ্য, সম্প্রতি হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও একাধিক কর্মাধ্যক্ষের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের ইস্তফা ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত স্তরে ধারাবাহিক পদত্যাগের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এই পদত্যাগগুলির পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।