নিজস্ব সংবাদদাতা : কনস্টেবলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঁয়া সহ আরও এক তৃণমূল নেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।জানা গিয়েছে, মফিজউদ্দিন মিঁয়া দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের পদও সামলেছেন তিনি। অভিযোগ, কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল।পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।