অরুণাভ দত্ত, বালুরঘাট:ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত (মাই ভারত)-এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার তরুণ-তরুণীদের নিয়ে তিনদিনব্যাপী ‘ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প’ বুধবার শেষ হল। ২৯ ডিসেম্বর সোমবার শুরু হওয়া এই আবাসিক বুটক্যাম্পের সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন বালুরঘাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যধর্মনন্দজী মহারাজ।শিলিগুড়ি থেকে হার্টফুলনেস-এর ট্রেনার রাজেন্দ্র শর্মা, খড়গপুরের ট্রেনার প্রদীপ কুমার দাস এবং শিলিগুড়ির ভলেন্টিয়ার দেবেশ মণ্ডল-সহ একাধিক প্রশিক্ষক ও বিশেষজ্ঞ বুটক্যাম্প পরিচালনা করেন।
১৫ থেকে ২৯ বছর বয়সি মোট ৩৫ জন যুবক-যুবতী এতে অংশ নেন। হার্টফুলনেস, যুব নেতৃত্ব, জনপ্রতিনিধিত্ব ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে তাঁরা নেতৃত্ব গড়ে তোলার নানা দিক নিয়ে পরামর্শ ও দিশা পান।বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু।

মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার আহ্বানের অনুপ্রেরণাতেই এই উদ্যোগ—জানান আয়োজকেরা। বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই তিনদিনের আবাসিক কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানান মাই ভারত—দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।