নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অন্তর্গত পার পতিরাম ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সময় ধৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার (হেরোইন) উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।