নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: ভোটের মুখে নিজের গ্রামেই পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গৌতম দাস। বৃহস্পতিবার এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন ব্লক ও অঞ্চল নেতৃত্বের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকেরা।এদিন প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়নে কী কী পরিকল্পনা রয়েছে, তা স্থানীয় বাসিন্দাদের সামনে তুলে ধরেন। বাসিন্দাদের কাছ থেকেও বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন তিনি।গৌতম দাস বলেন, “আজ নিজের এলাকাতেই প্রচার করলাম। এখানকার মানুষ আমাকে চেনেন, আমিও তাঁদের দীর্ঘদিন ধরে চিনি। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। জয়ের পরেও সব সময় মানুষের পাশে থাকব। এলাকার উন্নয়নে সর্বশক্তি দিয়ে কাজ করব।”নিজের এলাকায় প্রার্থীর প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহও চোখে পড়ে। ভোটের আগে স্থানীয় স্তরে এই প্রচারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।