দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বজ্রঝড়ের সতর্কতা জারি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। বুধবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, ২১ মে উত্তরবঙ্গের এই দুই জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রঝড়ের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২২ মে থেকে ২৪ মে পর্যন্তও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় দুই জেলাতেই বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবল ঝড় ও বৃষ্টির জেরে ফসল, বাগান এবং কাঁচা বাড়িঘরের ক্ষতির আশঙ্কা থাকায় কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *