আচমকা ইস্তফা দক্ষিণ দিনাজপুর বিজেপি সভাপতির, জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, ১৩ মার্চ, বালুরঘাট :- আচমকাই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন স্বরূপ চৌধুরী। শুক্রবার সকালে বালুরঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্বরূপ চৌধুরী লেখেন, ভালো সবার, খারাপ শুধু আমার।সেই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়। তার পরের দিনই আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ ছাড়ার কথা জানান তিনি। স্বরূপ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তিনি দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তাঁর কথায়, ২০১৩ সালে জেলা যুব মোর্চার দায়িত্বে ছিলাম। পরে দু’বার জেলা সাধারণ সম্পাদক এবং দু’বার জেলা সভাপতি হিসেবে কাজ করেছি। সব দিক বিবেচনা করে মনে হয়েছে, এই দায়িত্ব আর পালন করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় সরে দাঁড়ালাম। তবে তাঁর এই পদত্যাগ নিয়ে জল্পনা থামেনি। উপরমহলের কোনও নির্দেশে তিনি ইস্তফা দিয়েছেন কি না, সে প্রশ্নে স্বরূপবাবু দাবি করেন, সিদ্ধান্ত সম্পূর্ণই তাঁর ব্যক্তিগত। এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক কটাক্ষও শুরু হয়েছে। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকীর দাবি, জেলা বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে না পারার কারণেই সরুপ চৌধুরী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।তবে বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আচমকা এই পদত্যাগের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েই জেলায় জল্পনা অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *