নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বালুরঘাট ব্লকের অন্তর্গত ৬ নম্বর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া সংসদ এলাকায় একটি কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু হল। যশাহার দুর্গা মন্দির সংলগ্ন স্থানে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি টয়লেটের শুভ সূচনা করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার।
শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গা অঞ্চলের উপপ্রধান কৌশিক চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত সদস্য রক্তিম বর্মন সহ এলাকার নেতৃত্ববৃন্দ ও বহু সাধারণ মানুষ। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বেলঘরিয়া এলাকায় প্রতি বছর একটি করে রাস উৎসব ও দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এই দুই বড় উৎসবকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
দীর্ঘদিন ধরেই উৎসবের সময় পর্যাপ্ত শৌচালয়ের অভাবে দর্শনার্থী ও এলাকাবাসীদের সমস্যায় পড়তে হত। বিশেষ করে মহিলা, শিশু ও প্রবীণদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি কমিউনিটি টয়লেট নির্মাণের আবেদন জানিয়ে আসছিলেন।
এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, বেলঘরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস উৎসব ও দুর্গোৎসব হয়ে আসছে, যেখানে আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমান। উৎসবের সময় শৌচালয়ের প্রয়োজন হলে সাধারণ মানুষ সমস্যায় পড়তেন। এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়েই প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কমিউনিটি টয়লেট নির্মিত হলে উৎসবের সময় যেমন মানুষের ভোগান্তি কমবে, তেমনই সারা বছর এলাকার পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।