নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
সাধারণত কলকাতা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের উদ্দেশে পরবর্তী কর্মসূচি ও দিকনির্দেশ দিয়ে যান শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই চেনা রেওয়াজ ভেঙে বালুরঘাটের মাটিতে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।
রাজ্যজুড়ে শুরু হতে চলেছে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ‘বুথ চলো’ কর্মসূচি। সেই কর্মসূচি শুরুর আগে রাজ্য নেতৃত্বের বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুর সফরে আসেন দলের রাজ্য কর্মে-না মানস দাস। শনিবারই তাঁর কলকাতা ফিরে যাওয়ার কথা ছিল।
কিন্তু শনিবার সকালে একটি সূত্র মারফত দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে খবর আসে, তপন ব্লকের বাসিন্দা চিত্তরঞ্জন রায় কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ। ডায়ালিসিসের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। বিষয়টি জানতে পেরেই কোনও দ্বিধা না করে নিজেই রক্তদানে এগিয়ে পড়েন মানস দাস। তিনি বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন। তার ফলেই ডায়ালিসিস সম্ভব হয় এবং প্রাণরক্ষা হয় ওই রোগীর।
শুধু জেলা সফরে এসে উচ্চতর নেতৃত্বের বক্তব্য কর্মীদের মধ্যে পৌঁছে দেওয়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি মানস দাস। একজন অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে তাঁর এই মানবিক উদ্যোগ কার্যত দৃষ্টান্ত হয়ে থাকল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
রোগীর স্ত্রী কাজলী রায় বলেন,
“আমার স্বামীর জন্য রক্তের খুব দরকার ছিল। তৃণমূল নেতৃত্বকে জানাতেই মানস দাদা যেভাবে নিজে এগিয়ে এসে রক্তদান করলেন, তাতে আমি সত্যিই অভিভূত।”দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশাহ মোল্লা বলেন,
“আমাদের রাজ্য নেতৃত্ব মানস দাস জেলা সফরে এসে রক্তদান করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা আগামী দিনে আমাদের সকলকে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে।”
নিজের প্রতিক্রিয়ায় মানস দাস বলেন,“আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে থাকার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই আমরা মাঠে-ময়দানে কাজ করি। আজ যখন শুনলাম এক অসহায় মানুষ রক্তের অভাবে ডায়ালিসিস করাতে পারছেন না, বিষয়টা আমাকে নাড়া দেয়। তাই রক্তদান করলাম।”
রাজনৈতিক কর্মসূচির ফাঁকেই মানবিকতার এই ছবি বালুরঘাটে আলাদা বার্তা দিল বলেই মত রাজনৈতিক মহলের।