শরিকি জমির বিবাদে রক্তাক্ত ভোর, ভাইয়ের হাতে খুন দাদা—তপনে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট: শরিকি জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নিল। শনিবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত সরল বাটি নালীপাড়া গ্রামে ভাইয়ের পরিবারের হাতে খুন হলেন দাদা করিম সরকার (৪০)। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আজগর মিয়া ও আকবর মিয়া সম্পর্কে আপন ভাই। দীর্ঘদিন ধরে জমি ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে বিবাদ চলছিল। সম্প্রতি এক বৈঠকে ৮০ শতক করে জমি বিনিময়ের সিদ্ধান্ত হলেও তা কার্যকর করতে গিয়ে নতুন করে অশান্তি তৈরি হয়। অভিযোগ, জমির নামজারি ও অতিরিক্ত পাঁচ শতক জমি দখলকে কেন্দ্র করেই সংঘাত চরমে ওঠে।
শনিবার সকালে জমিতে হাল দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় আকবরের ছেলে আব্দুল ফারুক মিয়া আচমকা চাকু দিয়ে আজগরের বড় ছেলে করিম সরকারের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় করিমকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। শরিকি বিবাদে প্রাণহানির ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *