নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা দক্ষিণ দিনাজুর, ১৭ ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নিখোঁজ থাকার প্রায় ১০ দিন পর একটি ডোবা থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ইউনুস (৫৪)। ঘটনাকে ঘিরে তাঁর পরিবার খুনের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউনুস মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত নুরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। প্রায় ১০ দিন আগে তিনি এক ব্যক্তির সঙ্গে পাশের একটি গ্রামে বিয়ে বাড়িতে বরযাত্রী হিসেবে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র শ্মশানের পাশে একটি ডোবায় এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে। বুধবার পরিবারের সদস্যরা এসে মৃতদেহটি শনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য দেহটি বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *