নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
‘মৃৎশিল্পী বাঁচাও, কুম্ভকার সমাজ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন দিল কুম্ভকার উন্নয়ন পরিষদ। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পী। দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যায় জর্জরিত মৃৎশিল্পীদের দাবি, সরকারিভাবে উদ্যোগ না নিলে এই ঐতিহ্যবাহী শিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে যাবে।ডেপুটেশনে অংশগ্রহণকারী শিল্পীদের বক্তব্য, কুম্ভকারদের উন্নয়নের জন্য অবিলম্বে কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। পাশাপাশি মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় মাটির সুষ্ঠু ও স্থায়ী ব্যবস্থা করা, প্রতিটি জেলায় মৃৎশিল্প ভবন নির্মাণ, বয়স্ক ও অসুস্থ কুম্ভকারদের জন্য মাসিক ভাতা চালু করা এবং সরকারি প্রকল্পে মৃৎশিল্পীদের অন্তর্ভুক্ত করার মতো একাধিক দাবি তুলে ধরা হয়।এক কুম্ভকার ভৈরব পাল জানান, “মৃৎশিল্পের কাজ করতে গিয়ে আমাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে মাটির অভাব আমাদের সবচেয়ে বড় সংকট। সেই কারণেই আজ আমরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছি।” আর এক শিল্পী সনাতন পাল বলেন, “আমরা পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছি। মৃৎশিল্পের জন্য উপযুক্ত মাটি পাওয়া যাচ্ছে না, বয়স্ক কুম্ভকারদের কোনও সামাজিক সুরক্ষা নেই। এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে, তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই স্থির করব।”ডেপুটেশন ঘিরে এদিন বালুরঘাট শহরে কুম্ভকারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শিল্পীদের আশা, প্রশাসন তাঁদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত কোনও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।