নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট :
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত অকেজো হয়ে পড়েছিল রাস্তা। নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল এলাকাবাসীকে। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আর সি ডি গার্লস স্কুল সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ শুরু হল রবিবার দুপুরে।বালুরঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রায় ৪১০ মিটার দীর্ঘ এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে ছিল। বিষয়টি পৌরসভার নজরে আনেন ওই ওয়ার্ডের কাউন্সিলর নিতা নন্দী। সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পর বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র উদ্যোগ নিয়ে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন। জানা গেছে, প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার সংস্কার করা হবে।রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রাস্তা সংস্কারের কাজের সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর নিতা নন্দী সহ স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “আর সি ডি গার্লস সংলগ্ন এলাকায় এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দী বিষয়টি আমাদের জানান। এরপর পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”এলাকাবাসীর মধ্যে স্বস্তির হাওয়া। স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা মণ্ডল দাস জানান, “রাস্তাটির অবস্থা এতটাই খারাপ ছিল যে হাঁটাচলাও কষ্টকর হয়ে উঠেছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।” দ্রুত কাজ শেষ হলে এলাকার যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী বাসিন্দারা।