সৃষ্টিশ্রী মেলা শুরু বালুরঘাটে, স্বনির্ভর দলের হাতের শিল্পে ভরসা জেলাবাসী

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর যেন শুক্রবার দুপুরে নতুন আবহে মেতে উঠল। বালুরঘাট হাই স্কুলের ময়দানজুড়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল বহু প্রতীক্ষিত সৃষ্টিশ্রী মেলা-র। ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ জেলার নানা গণ্যমান্য ব্যক্তিত্ব। প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন তাঁরা।৮৫টি স্টলে স্বনির্ভর দলের হাতের কারুকাজ
এ বছর মেলায় স্বনির্ভর মহিলাদের ৮৫টি স্টল সাজানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলাদের হাতে তৈরি সামগ্রী—নানান কারু-শিল্প, পোশাক, মশলা, খাদ্যপণ্য থেকে শুরু করে শৌখিন সাজসজ্জার উপকরণ—সবই রয়েছে মেলার আকর্ষণে। প্রশাসনিক মহলের মতে, জেলার স্বনির্ভর মহিলাদের তৈরি জিনিসপত্রকে বাজারে পৌঁছে দেওয়া এবং বৃহত্তর পরিসরে প্রচারের আলোয় আনা এই মেলার অন্যতম উদ্দেশ্য।জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি বলেন, “আজ আমাদের জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হলো। এই মিশনের প্রধান হিসেবে সকলকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং অনুপ্রেরণায় এই প্রকল্প বছরের পর বছর এগিয়ে চলেছে। আমাদের স্বনির্ভর দলের মহিলারা যে ভাবে নিজেদের হাতে অসাধারণ সব জিনিস তৈরি করছেন, সেই পণ্য বাজারে না পৌঁছালে তাঁরা সঠিক মূল্য পাবেন না। তাই তাদের কাজকে মানুষের সামনে তুলে ধরতেই এই মেলার আয়োজন।”সন্ধ্যা জুড়ে সাংস্কৃতিক পরিবেশনা
মেলাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রথম দিনেই দর্শকদের মনোরঞ্জন করতে হাজির হন পুরুলিয়ার ছৌ নৃত্যশিল্পীদের একটি দল। লোকসংস্কৃতিতে ভরপুর সেই পরিবেশনা উপভোগ করতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *