নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার রাজ্যজুড়ে পথশ্রী চার প্রকল্পের ঘোষণা করার পরই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়ে গেল বিভিন্ন রাস্তা নির্মাণের কাজ। সেই কর্মসূচির অংশ হিসেবেই বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কুসুম্বর এলাকায় প্রায় ৯৯০ মিটার রাস্তার কাজের সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা শাসক বালা সুব্রমনিয়ান টি, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। প্রায় ৪৭ লক্ষ ৪৭ হাজার ৩০৬ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ হবে বলে জানা গেছে।জেলা শাসক জানান, রাজ্য পর্যায়ে পথশ্রী চার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার পরই তাঁরা মাঠে নেমে কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রী এদিন গোটা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণের সূচনা করেছেন। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রকল্পে মোট ১৭৬টি রাস্তা তৈরি হবে, যার দৈর্ঘ্য প্রায় ২৬০ কিলোমিটার।এ ছাড়া, পথশ্রী আরবান প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন পৌরসভা এলাকায় আরও ২৮৮টি রাস্তা নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৭৬ কিলোমিটার। জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে জেলা পরিষদ—সব দপ্তরই মুখ্যমন্ত্রীর ঘোষণাাধীনে এদিন থেকেই রাস্তা উন্নয়নের কাজে তৎপর হয়ে উঠেছে।