নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর : কুমারগঞ্জে নাবালিকা ধর্ষণ ও পুড়িয়ে হত্যার নৃশংস ঘটনায় তিন অভিযুক্তকে সাজা ঘোষণার পর সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীকে সংবর্ধনা দিলেন বালুরঘাট জেলা আদালতের মহিলা আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে আদালত চত্বরেই এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।২০২০ সালে রাজ্যজুড়ে সাড়া ফেলা ওই ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই চাপ বাড়ছিল। দক্ষিণ দিনাজপুর জেলা আদালত গত শনিবার দোষীদের বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করে। আদালতের এই দ্রুত পদক্ষেপের নেপথ্যে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ও তাঁর টিমের লড়াইকে বিশেষভাবে স্বীকৃতি জানিয়েছেন মহিলা আইনজীবীরা। তাঁদের দাবি—এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।সরকারি আইনজীবী চক্রবর্তী বলেন, “আমাদের কোর্টের মহিলা আইনজীবীরা যে আমাকে সংবর্ধনা দিলেন, তা সত্যিই গর্বের। এ ধরনের রায় মানুষকে নতুন বার্তা দেয়—অপরাধ করলে শাস্তি অনিবার্য।” তাঁর কথায়, অত্যাচারিত এক মহিলাকে ন্যায় পাইয়ে দেওয়ার এই লড়াই সহজ ছিল না, কিন্তু সবিস্তারে প্রমাণ পেশ করতে তাঁর টিম কোনও ত্রুটি রাখেনি।বালুরঘাট কোর্টের আইনজীবী অঙ্কিতা সাহা বলেন, “একটি মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছিল। সেই মামলার রায় বেরোনোর সঙ্গে সঙ্গে মনে হয়েছে—অবশেষে বিচার মিলল। এই সাফল্য সরকারি আইনজীবী ও তাঁর টিমের।” তাই তাঁদের সম্মান জানাতে এগিয়ে এসেছেন বলেই জানান তিনি।পুরো ঘটনাটি ঘিরে আদালত চত্বরে মঙ্গলবার এক অন্যরকম আবহ তৈরি হয়—ন্যায়ের লড়াইকে সম্মান জানানোর আবহ।